সকালের মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

চট্টগ্রাম নগরে আজ বুধবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় জানায়, আজ সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টার মধ্যে।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর জিইসও মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার বিভিন্ন সড়ক।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

গতকাল দেশের আট বিভাগের কোথাও কোথাও আরও তিন দিনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা তৈরির সতর্কতা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights