সড়ক ও ভবন নেই, ২০০ থেকে ২০ জনে নামল বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা!

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭৪ নং দক্ষিণ সুতালড়ি শাহজাহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত দৈন্যদশা ও অনুন্নত যাতায়ত ব্যবস্থার কারণে শিক্ষার্থীর সংখ্যা আশংকাজনক হারে কমে গেছে। নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা এখন ১৫-২০ জন। দীর্ঘ ৫ বছর ধরে পাঠদান চলছে টিনের ছাউনি দিয়ে তৈরি করা ছাপড়া ঘরে। পর্যাপ্ত আলো না থাকায় ওই ছাপড়া ঘরেও থাকে অন্ধকার ভূতুড়ে পরিবেশ। ৮৫ বছরের পুরোনো স্কুল ভবনটি যে কোন সময় ধসে পড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। এতে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

৮৫ বছর পূর্বে নির্মাণ করা এ স্কুলের ভবনটি দাপ্তরিকভাবে এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। তবে, ভবনের পলেস্তারা, ইট, পিলার ভেঙ্গে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হলে ২০১৮ সালে এর পাশে একটি টিনের ছাপড়া দিয়ে পাঠদান চালু রাখা হয়। ৬ জন শিক্ষকের পদ থাকা এ বিদ্যালয়টিতে এক সময় দুই শতাধিক শিক্ষার্থী ছিল। শিক্ষার উপযুক্ত পরিবেশ ও অবকাঠামোগত দৈন্যদশার কারণে দুই শিফটে এখন নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৫-২০ জন। যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ৬০ জন। যাতায়াতের জন্য কোনো পাকা সড়ক নেই। বর্ষা মৌসুমে হাটু পর্যন্ত কাদা-পানি ভেঙে যেতে হয়।

প্রধান শিক্ষক অর্চনা রানী হালদার বলেন, এখানে পাঠদানের পরিবেশ খুব একটা ভালো নেই। ৮৫ বছর পূর্বে নির্মিত ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। পাশে টিনশেড ঘর বানিয়ে সেখানে পাঠদান চলছে। বিদ্যুৎ না থাকলে কক্ষগুলো অন্ধকার থাকে। বর্ষা মৌসুমে পানি উঠে যায়। মাঠে পানি জমে থাকায় শিশুদের সমাবেশ করা যায় না। খেলাধুলার পরিবেশও নেই। এসব কারণে শিক্ষার্থীর সংখ্যা প্রতিবছর কমে যাচ্ছে। ২৫ বছর পূর্বে এখানে দুইশতাধিক শিক্ষার্থী ছিল। এখন শিক্ষার্থীর সংখ্যা আরো বেশি হওয়ার কথা, কিন্তু হয়েছে তার বিপরীত। উপযুক্ত পরিবেশের অভাবে ছাত্র-ছাত্রীরা পার্শ্ববর্তী বিদ্যালয়ে চলে যাচ্ছে বলেও প্রধান শিক্ষক জানান।
উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ১৭৪ নং দক্ষিণ সুতালড়ি শাহজাহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবন সমস্যার বিষয়ে তিনি অবহিত নন। চলতি বছর ৫টি নতুন স্কুল ভবনের জন্য শিক্ষা কমিটির সুপারিশসহ আবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরমধ্যে ওই স্কুলটির নাম নেই।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ভবনটি কাগজপত্রে পরিত্যক্ত ঘোষণা হয়েছে কিনা সে বিষয় তার কাছে কোন তথ্য নেই। তবে, স্কুল কর্তৃপক্ষ অবগত করলে সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights