সত্যিই কি ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল?

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ কবজায় নেওয়া সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে যাচ্ছে তেহরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত দুটি সূত্র এই তথ্য জানিয়েছে।

তবে, এর আগে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে-তারা আলোচনায় অংশ নিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, তেহরানের প্রতিনিধিদল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি তেহরান। ধারণ করা হচ্ছে, চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় অংশ নেওয়া একই প্রতিনিধিদলই এবারও আসবে। সেই দলে নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ এবং সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দলে আরও থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তারা সোমবার গভীর রাতে অথবা মঙ্গলবার সকালে ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে জানা গেছে। নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স আলাদাভাবে আসতে পারেন বলেও সূত্রগুলো জানিয়েছে।

তবে ওয়াশিংটনের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। এরই মধ্যে অন্তত ছয়টি মার্কিন বিমান ইসলামাবাদে অবতরণ করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই বিমানগুলোতে অ্যাডভান্সড টিম ও নিরাপত্তা সদস্যরা ছিলেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র জানিয়েছেন, তারা রিপোর্ট লেখা পর্যন্ত ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights