সত্যিই কি বিশ্বকাপজয়ী সতীর্থদের স্বর্ণের আইফোন দেবেন মেসি

বিশ্ব সেরার মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসিই। পরে তিনিই ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন। এর মধ্য দিয়ে ফুটবলে সেরাদের সেরা হয়ে শীর্ষে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এখন শোনা যাচ্ছে, মেসি তার বিশ্বকাপজয়ী সতীর্থদের বিশেষ পুরস্কার দিতে যাচ্ছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন মেসি। স্বর্ণ দিয়ে তৈরি এসব আইফোনের পেছনে মেসির খরচ হবে এক লাখ ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা। এরই মধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন।

সেই ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে। সতীর্থদের উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও সোনায় মোড়ানো আরেকটি আইফোন কিনেছেন মেসি। যদিও এ নিয়ে মেসির সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাই সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশ্ন থেকেই যায় যে, সত্যিই কি বিশ্বকাপজয়ী সতীর্থদের স্বর্ণের আইফোন দিচ্ছেন মেসি।
এদিকে, একটি সূত্রে বরাত দিয়ে দ্য সান বলছে, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘লিওনেল শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’ বেন আরো বলেন, ‘তিনি (মেসি) বলেছিলেন যে বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান। তিনি সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights