সত্যিই কি সুইজারল্যান্ড ম্যাচে চোখে চোট পেয়েও মাঠ ছাড়েননি মেসি
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডান চোখের ওপর আঘাত পান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলে দাবি করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে মেসির চোখের পাতার ওপরে কেটে যায়। তবে চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলা চালিয়ে যান তিনি।
ম্যাচে সুইজারল্যান্ড সমতা ফেরানোর পর নির্ধারিত পানিবিরতিতে আর্জেন্টিনার চিকিৎসক দল দ্রুত মাঠে গিয়ে মেসির শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এ সময় তার ডান চোখের ওপর বরফ দেওয়া হয়। আঘাতটি গুরুতর না হলেও সতর্কতামূলকভাবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষের সময় মেসির চোখের পাতার ওপরে কেটে যায়। তবে ওই আঘাত তার পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলতে পারেনি। ম্যাচের বাকি সময়ও তিনি মাঠে থেকে আর্জেন্টিনার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে মেসির রক্তাক্ত হওয়ার তথ্যও তুলে ধরা হয়েছে। যদিও চোখে আঘাত পাওয়ার পরও নিজের স্বাভাবিক ছন্দ বজায় রাখেন মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের করা গোলের পেছনে ছিল তার নিখুঁত পাস। এই সহায়তার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সহায়তাকারী ফুটবলারদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচে মেসিকে ঘিরে আরেকটি আলোচিত মুহূর্ত ছিল পর্তুগালের রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে তার কথোপকথন। একটি সিদ্ধান্তে আপত্তি জানাতে গিয়ে মেসিকে বলতে শোনা যায়, ‘ঠিকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলেছি।’ তথ্যসূত্র : টিওয়াইসি স্পোর্টস ও ওয়ান ফুটবল।
