সন্তানের মুখ দেখা হলো না শ্যামলের, হত্যার বিচার চান স্ত্রী

ময়মনসিংহের ফুলপুরে বহুল আলোচিত বালু ব্যবসায়ী শ্যামল হত্যার ২৯ দিন পর তার ছেলে সন্তানের জন্ম হয়েছে। সোমবার (৯ অক্টোবর) রাত ১১টা ২৮ মিনিটের সময় ময়মনসিংহের সেন্ট্রাল ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, শ্যামলের সন্তানের এখনও কোনো নাম রাখা হয়নি। তবে শিশুটি মোটামুটি ভালো থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত তার মা শাপলা। তিনি তার স্বামী হত্যার বিচার চান।

শাপলা বলেন, আমার সন্তানকে পৃথিবীতে আসার আগেই যারা এতিম করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এছাড়া এসব ঘাতকদের হাত থেকে আমার সন্তানের নিরাপত্তা চাই আমি।
জানা যায়, ২০২২ সালের ২১ অক্টোবর ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওরা গ্রামের আব্দুস সালামের মেয়ে শাপলাকে বিবাহ করেন শ্যামল। এরপর ভালোই চলেছে দিন। বাবা হওয়ার স্বপ্ন দেখছিলেন শ্যামল। সুখবরও পেয়েছিলেন তিনি। যথাসময়ে তার স্ত্রীর গর্ভে সন্তান আসে। কিন্তু সন্তানকে দেখার বা বাবা ডাক শোনার সৌভাগ্য হয়নি শ্যামলের। স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় ঘাতকের হাতে তার সে স্বপ্ন ভুলণ্ঠিত হয়। পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলোকদি গ্রামের বাবুলের দোকানের সামনে একদল দুর্বৃত্তের দায়ের কোপে খুন হন তিনি। এ ঘটনায় ১৩ জনের নামে ও অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে তার ভাই উজ্জ্বল বাদী হয়ে মামলা করলে আসামি মঞ্জুরুল, মোসাদ্দিক ও মনিরুল ইসলামকে তাৎক্ষণিক গ্রেফতার করে ফুলপুর থানা পুলিশ। এরপর ১ মাস পার হলেও মামলার ১ নম্বর আসামি গিয়াস উদ্দিনসহ অন্য কেউই গ্রেফতার হয়নি।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি তদন্তাধীন। শুধু আমরা না, আইন শৃঙ্খলা বাহিনীর আরও বিভিন্ন শাখা এ বিষয়ে কাজ করছে। তাছাড়া আমরাও বসে নেই। বাকি আসামিদের খুঁজছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights