সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
অনলাইন প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে নবীউল্লাহ নবী বলেন, ‘যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল। মনে রাখতে হবে ঢাকা-৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। এছাড়া আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।’
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন। সে আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। আমরা যদি গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারি তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেসব শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে না।’
ঢাকা মহানগর দক্ষিণের ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কৃষক দল মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবক দল যাত্রাবাড়ী থানার সদস্য সচিব দ্বীন ইসলাম দ্বীন, বিল্লাল ও কাদেরসহ যাত্রাবাড়ী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
