সন্ধ্যায় রংপুর রাইডার্সের মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

মাঠে গড়ানোর আগেই বিপিএল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল সকাল থেকে টিকিট কেনার জন্য ক্রিকেটপ্রেমীরা মিরপুর স্টেডিয়ামের ১ নম্বর গেটের বুথে ২-৩ ঘণ্টা অপেক্ষায় থেকেও টিকিট পাননি। এরপর ক্ষুব্ধ হয়ে হট্টগোল করেছেন স্টেডিয়াম গেটে। যদিও নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেয় স্টেডিয়ামের গেট থেকে। ক্রিকেটপ্রেমীদের এ হট্টগোলে কোনো রকম বাধাগ্রস্ত হয়নি বিপিএলের দলগুলোর অনুশীলনে। মিরপুর একাডেমি মাঠে গতকাল অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স। একাডেমি মাঠে অনুশীলন করেছে রংপুর রাইডার্সও। বিপিএলের ১১তম আসর মাঠে গড়াচ্ছে আজ। ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সেরও বিপিএল মিশন শুরু হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের প্রতিপক্ষ থিসারা পেরেরার ঢাকা ক্যাপিটালস। শুরুতে ঢাকার অধিনায়ক হিসেবে শোনা গিয়েছিল লিটন দাসের নাম। পরবর্তীতে ঢাকার টিম ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার থিসারা পেরেরাকে নেতৃত্ব দেয়। রংপুরের কোচ মিকি আর্থার টুর্নামেন্টে নিজেদের টার্গেট নিয়ে বলেন, ‘আমরা শিরোপা জয়ের জন্যই খেলব।’ গতকাল অনুশীলনের ফাঁকে রংপুরের অধিনায়ক নূরুল হাসান সোহান বলেন, ‘আমরা সব সময়ই শিরোপা জয়ের জন্য দল গড়ি। এবারও শিরোপার জন্য খেলব। তবে আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ খেলব আমরা।’ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

প্রতিপক্ষক্যারিবীয় উপসাগরের ‘দ্বীপরাষ্ট্র’ গায়ানায় পাঁচ দলের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রথম দল হিসেবে দেশের বাইরে কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছেন নুরুল হাসান সোহানরা। রংপুর রাইডার্স ফাইনালে হারায় অস্ট্রেলিয়ার বিগব্যাশ দল ভিক্টোরিয়াকে। জিএসএল শিরোপা জিতে রংপুর এখন আত্মবিশ্বাসে ফুটছে। আত্মবিশ্বাসী দলটি অবশ্য শুরুর বেশ কয়েকটি ম্যাচে সার্ভিস পাবে না বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ে আঙুলে ব্যথা পান। ওই ব্যথায় সৌম্যকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তার জায়গায় রংপুর নিয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। তাকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। অসুস্থতার জন্য সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন খেলেননি জিএসএলে। বিপিএলে প্রথম ম্যাচ থেকেই খেলবেন। শেখ মেহেদি হাসানও প্রথম ম্যাচ থেকে খেলবেন। শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া রংপুর দলের কোচের দায়িত্ব তুলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মিকি আর্থারের হাতে। তার সহযোগী টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। দুজনের কোচিং রসায়নে বাজিমাত করেছে রংপুর। আর্থার এবার নিয়ে দ্বিতীয়বার কোচিং করাচ্ছেন বিপিএলে। ২০১৫ সালে কোচ ছিলেন ঢাকা ডায়নামাইটসের। আশরাফুল এবারই প্রথম কোচিং করাচ্ছেন। নুরুল হাসান এবার দলকে নেতৃত্ব দেবেন। গতবারও অধিনায়ক ছিলেন। দলটির বিদেশি ক্রিকেটার রয়েছেন অ্যালেক্স হেলস, স্টিভেন টেইলর, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আকিফ জাভেদ ও সাদিকুল্লাহ অটল, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেইলর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভালকার। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সাইফ হাসান, রাকিবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ইরফান শুক্কুর, আজিজুল হাকিম, তওফিক খান।

প্রতিপক্ষ ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। অধিনায়ক থিসারা পেরেরা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন দীপু, সাব্বির রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, জনসন চার্লস, চতুরঙ্গ ডি সিলভা, শাহানাজ ধাওয়ানি, রিয়াজ হাসান, ফারমানুল্লাহ শফি, জিয়েন পিয়েরে কোর্টজে। দলটি চমক দেখিয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার জেসন রয়কে দলভুক্ত করে। আজকের ম্যাচ ও বিপিএলে দলের টার্গেট নিয়ে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা বলেন, ‘আমাদের দলটি যথেষ্ট ভালো। আমরা শিরোপার জন্যই খেলব। কিন্তু আমরা প্রতিটি ম্যাচ আলাদা করে ভাবছি।’ পট পরিবর্তনের পর বিসিবি চাইছে নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করতে। টি-২০ টুর্নামেন্টটির ১১তম আসরে সাতটি দল অংশ নিচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। রংপুর শিরোপা জিতেছিল ২০১৭ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights