সময় এসেছে সকল ইসলামী দল ঐক্য গড়ে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র কায়েম করার — পীর সাহেব চরমোনাই

।। কুড়িগ্রাম প্রতিনিধি ।। ২০.০৬.২০২৫
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, “সময় এসেছে সকল ইসলামী দল একত্র হয়ে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঐক্য গড়ে তোলার।”

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশবাসী আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন প্রত্যক্ষ করেছে। এই দীর্ঘ সময়ে অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি, লুটপাট, দখলবাজি ও অর্থ পাচারের মহোৎসবই বেশি দেখা গেছে। গত ফ্যাসিস্ট আমলে দেশ থেকে ৪৮ হাজার কোটি টাকা পাচার হয়েছে। ক্ষমতাসীনরা বিশ্বের নানা দেশে গড়েছেন অট্টালিকা, ব্যাংক একাউন্টে জমিয়েছেন টাকার পাহাড়। আমরা এসব দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র দাবি করছি।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, “আওয়ামী লীগ ভারতের সঙ্গে যেসব গোলামির চুক্তি করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। আমরা ভারতের দালালি মানবো না। যারা ভারতের ছায়াতলে থেকে ক্ষমতায় যেতে চায়, তাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে তাদেরকেও আওয়ামী লীগের মতো দেশ ত্যাগে বাধ্য করা হবে।”

তিনি বলেন, “জুলাই আন্দোলনের যুদ্ধ শেষ হয়নি, এটি কেবল শুরু হয়েছে। আমরা রক্ত দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম—যেখানে থাকবে না দুর্নীতি বা বৈষম্য, থাকবে মানবিকতা ও ন্যায়বিচার। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম।”

তিনি অভিযোগ করে বলেন, “এখন একটি দল ভোটে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যেই তারা দখলবাজি, চাঁদাবাজি এবং দলীয় কোন্দলের কারণে খুনাখুনিতে জড়িয়ে পড়েছে। তাদের লুটপাট, অস্থিরতা ও সংঘর্ষের কারণে সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

সমাবেশে তিনি কুড়িগ্রামের চারটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুড়িগ্রাম-১ আসনে আলহাজ্ব রাইসুল বারী রনি, কুড়িগ্রাম-২ এ আলহাজ্ব নূর বখত, কুড়িগ্রাম-৩ এ সাবেক এমপি ডা. আক্কাছ আলী এবং কুড়িগ্রাম-৪ আসনে আলহাজ্ব হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করে তিনি শ্লোগান দেন— “কথায় কাজে মিল পাই, হাত পাখার চরমোনাই!”

সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. শাহজাহান মিয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights