সমরেশ মজুমদারের প্রয়াণে মমতা ব্যানার্জির শোক

অনলাইন ডেস্ক
প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আনুষ্ঠানিক শোকবার্তায় মমতা জানান, “বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ (সোমবার) কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর।

বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল: দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি।
পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য আকাডেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদারের। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights