সমাজ ও পরিবারের শান্তি রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে : এমপি শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়াকে মাদক, কিশোর সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে সরকার ও প্রশাসনের পাশাপাশি দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর মডেল থানার আয়োজনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে আগে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। মাদক নির্মূলে আইনজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
একইসঙ্গে মাদকের বিরুদ্ধে নতুন আইন ও কঠোর প্রয়োগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মো. নুরুন্নবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক সাজেদুল হাসান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
