সম্পূরক বৃত্তি প্রসঙ্গে ট্রেজারের বিরূপ মন্তব্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রাকিব মাজহার,জবি প্রতিনিধি :
সম্পূরক বৃত্তি প্রসঙ্গে আলোচনার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবিনা শারমিন শিক্ষার্থীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করায় ক্যাম্পাসে সমালোচনার ঝড় উঠেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে ট্রেজারার সাবিনা শারমিনের সঙ্গে আলাপচারিতায় এই ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকে জানা যায়।
শিক্ষার্থী হাফিজ আশিকুর রহমান আকাশ ও খায়রুল ইসলাম স্বাধীন জানান, ট্রেজারারের কাছে তারা সম্পূরক বৃত্তি দেওয়ার বিষয়ে নির্দিষ্ট সময় জানতে চান। কিন্তু তিনি নানা কারণ দেখিয়ে তা দিতে অপারগতা প্রকাশ করেন। এসময় শিক্ষার্থীরা তাদের বর্তমান প্রতিবন্ধকতা ও বাস্তবতা তুলে ধরলে ম্যাডাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “তোমরা জান না জগন্নাথে হল নাই? ভর্তি হইছ কেন?”
শিক্ষার্থীরা পাল্টা প্রশ্ন রাখেন— “এত আন্দোলন সংগ্রাম করার পরেও যদি আমাদের ফাইল মন্ত্রণালয়ে আটকে থাকে, তাহলে তার থেকে বড় ব্যর্থতা আর কিছু নেই। আমাদের পেটে ভাত নেই।”
এর জবাবে ট্রেজারার বলেন, “জগন্নাথ কি বলসে তোমাদের পেটে ভাত দিবে? ভর্তি হওয়ার সময় কি বলা হয়েছিল এইটা আবাসিক বিশ্ববিদ্যালয়?”
শিক্ষার্থীরা দাবি করেন, ট্রেজারের এ ধরনের মন্তব্যে তারা মর্মাহত হয়েছেন এবং এরপর আর কথা না বাড়িয়ে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের অভিযোগকে ঘিরে ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা চলছে।
এদিকে বিষয়টি জানতে সম্পর্কে চাইলে, উনাকে মুঠোফোনে কল দিয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
