সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন

বাগেরহাট প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন তেইশের ছিলা শাপলার বিল এলাকার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। টানা প্রায় ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় আজ মঙ্গলবার সকালে আগুন নেভানো সম্ভব হয়।

আগুনে বনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও কতটুকু এলাকা পুড়ছে সে বিষয়ে বন বিভাগ সুস্পষ্ট জানায়নি। তবে স্থানীয়রা বাসিন্দারা বলছেন, শাপলার বিল ও কলমতেজী এলাকার প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘বনের কোথাও জ্বলন্ত আগুন নেই। রাতভর কাজ করে ভোররাতে আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। তারপরও ফায়ার সার্ভিস ও বন কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণে এখনও বনে রয়েছেন৷ গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হচ্ছে। আর কোথাও ধোয়া ওঠে কি না তা দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সোমবার সন্ধ্যার পর বনের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল। যার কারণে সম্পূর্ণ নেভাতে রাতভর কাজ করতে হয় ফায়ার সার্ভিস ও বন বিভাগকে। ভাটায় নদী শুকিয়ে যাওয়ার কারণে দুপুর দেড়টা থেকে পাম্প চালানো যায়নি। নদীতে জোয়ার আসায়, রাত ৮টার পর আবারও পানি ছেটানো শুরু হয়।’

চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা-শাপলার বিল শাপলারবিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বনবিভাগ। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠন করলো বনবিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights