সম্মিলিত চেষ্টায় হাসপাতালে পরিবর্তন সম্ভব

মেহেরপুর প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আন্তরিক ও সমন্বিত চেষ্টার মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও সুন্দর ও মানবিক করা সম্ভব। শুধু ওষুধ বা ব্যবস্থাপত্র নয়, চিকিৎসার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের নির্দেশ দেন।

শুক্রবার সকালে তিনি মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শনকালে এসব কথা বলেন।

মনির হায়দার বলেন, সারাদেশের মতো এখানেও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবাই আমাদের লক্ষ্য। পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের বর্তমান অবস্থা ও সেবার মান সম্পর্কে সরাসরি ধারণা নেন মনির হায়দার। তিনি চিকিৎসকদের মানবিক হতে এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। ওষুধ ও জনবল সরবরাহে যেন কোনো ঘাটতি না থাকে এবং প্রতিটি রোগী যেন সম্মানের সঙ্গে চিকিৎসা পান সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন ।

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা প্রশাসক সিফাত মেহেরাজ, পুলিশ সুপার মাসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহারিয়া শায়লা জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights