সরকারি অনুদান পেল নিউইয়র্কের ‘বাংলাদেশ সোসাইটি’

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকারি অনুদান পেয়েছে নিউইয়র্কভিত্তিক প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে ২০ হাজার ডলারের অনুদান চেক গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

রবিবার (১ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে কুইন্স থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমার আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন। ডেমোক্রেটিক পার্টির এই স্টেট এ্যাসেম্বলীওম্যান এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৮ থেকে টানা ছয় বছর ধরে নির্বাচিত হয়ে আসছেন। তাঁর নির্বাচনি এলাকায় বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্ক, উডহ্যাভেন বুলেভার্ড ও রিচমন্ড হিলসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত। সামনের নির্বাচনেও তিনি প্রার্থী হচ্ছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিপুল করতালির মধ্যে জেনিফার রাজকুমার বলেন, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে কমিউনিটির কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই প্রথমবারের মতো স্টেট অ্যাসেম্বলি থেকে উল্লেখযোগ্য অঙ্কের এই অনুদান সংগ্রহ করা সম্ভব হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এই আইনপ্রণেতা বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটের সদস্য জন ল্যু উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কমিউনিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কমিউনিটির পক্ষ থেকে জেনিফার রাজকুমার ও জন ল্যু-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

উল্লেখ্য, কুইন্সের জয়া পার্টি হলে বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল উপলক্ষে এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এতে সর্বস্তরের প্রবাসীদের বিপুল সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights