সরকারি বাঙলা কলেজসহ ১৪টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রশাসনিক পুনর্বিন্যাস, পরীক্ষার্থীর স্বল্পতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বলা হয়েছে, বাতিল করা কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা মহানগরীর পাঁচটি এবং ঢাকা মহানগরীর বাইরে নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলার নয়টি কেন্দ্র রয়েছে।

ঢাকা মহানগরের বাতিল করা কেন্দ্রগুলো হলো–

সরকারি বাঙলা কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ ও রাজারবাগ পুলিশ লাইনস কলেজ।

ঢাকা মহানগরীর বাইরের কেন্দ্রগুলো হলো–

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া অন্যান্য জেলার বাতিল করা কেন্দ্রের মধ্যে রয়েছে—নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ, টাঙ্গাইলের কালিহাতীর শহীদ শাহেদ হাজারী কলেজ, ফরিদপুর মহাবিদ্যালয়, মাদারীপুরের চরমুগরিয়া কলেজ, রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ এবং কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ।

শিক্ষা বোর্ড জানায়, কিছু কেন্দ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এবং কিছু কেন্দ্র জেলা প্রশাসকের সুপারিশ ও পরীক্ষার্থী স্বল্পতার কারণে বাতিল করা হয়েছে।

এর আগে ১২ মার্চ ২০২৬ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। এ শিক্ষা বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে। কেন্দ্র–সংক্রান্ত কোনো আপত্তি থাকলে ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights