সরিয়ে দেওয়া হলো এসবি প্রধান মনিরুল ও সিআইডি প্রধান আলীকে

অনলাইন ডেস্ক
এবার পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে মো. মনিরুল ইসলামকে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাদের সরানো হয়। পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে। এসবি প্রধান হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে।

এ ছাড়া মোহাম্মদ আলী মিয়াকেও পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন করে কাউকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়নি।
২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল মো. মনিরুল ইসলামকে।

মনিরুল ইসলাম ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights