সরিষাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক সভা

অনলাইন ডেস্ক

‘শুভ কাজে, সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা কমিটির আয়োজনে উপজেলার ইউরিকা কিন্ডারগার্টেন অ্যান্ড ক্যাডেট স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ উপজেলা কমিটির সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত, সোহানুর রহমান সোহান, শাহরিয়ার সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক জয় দাস, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মানিক মিয়া, প্রচার সম্পাদক আতিকুর রহমান সৌরভ, ইউরিকা কিন্ডারগার্টেন অ্যান্ড ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আহসান হাবীব লাভলু সরকার, শিক্ষক শাফিউর রহমান শাফি, আমিনুল ইসলাম, মো. ইব্রাহীম, জহির উদ্দিন মৃদুল ও মঞ্জুরুল ইসলামসহ প্রমুখ।

সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ মূলক বক্তব্য দেন উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম।

তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সারা বাংলাদেশব্যাপী স্বাস্থ্যগত বিষয়ক, শিক্ষামূলক, জনকল্যাণমূলক ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন ভালো কাজের পাশে থাকেন। স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলে একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে বসুন্ধরা শুভসংঘ সবসময়ই পাশে আছে এবং পাশে থাকবেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সর্বদাই নিজেকে সুস্থ থাকতে হলে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। সব ধরনের ফাস্টফুড খাবার থেকে বিরত থাকা, পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত হাত ধোয়া, প্রতিদিন গোসল করা, দাঁত ও চোখের যত্ন নেওয়ার উপর গুরুত্ব দিতে হবে।’

পাশাপাশি মোবাইল ফোন বেশি ব্যবহার করলে একজন শিক্ষার্থীর ওপর কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ও তুলে ধরেন তিনি।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের শীতকালীন রোগ ডায়রিয়া, পাতলা-পায়খানা, পেটব্যথা, বিভিন্ন চর্মরোগ থেকে কীভাবে মুক্ত থাকা যা সে বিষয় তুলে ধরেন। তিনি ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে কীভাবে সচেতনতা হতে হবে সেই বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরে বক্তব্য দেন।

বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ি উপজেলা শাখার উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ ভালো কাজ নিয়ে আছে সব সময়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক গঠন মজবুত হয়।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যই সব সুখের মূল। তাই সবাইকে স্বাস্থ্য সচেতনতার ওপর জোর নজরদারি রাখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights