সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সিলেটে পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন সেসব সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে নামে মানুষের ঢল।

প্রথম প্রহরেই মানুষের পুষ্প শ্রদ্ধায় শহীদ মিনারের বেদিমূল ঢেকে যায় ফুলে ফুলে।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। ভোরে প্রভাতফেরি ও সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, বুধবার ভোরে একুশের গানের সুরে প্রভাতফেরি করে সম্মিলিত নাট্য পরিষদ। খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। প্রভাতফেরিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights