সহজ ম্যাচ হারল লক্ষ্ণৌ!

অনলাইন ডেস্ক

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ছুড়ে দেওয়া মামুলি লক্ষ্যও পেরোতে পারেনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। একানা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৬ রানের পুঁজি পায় ব্যাঙ্গালোর। জবাবে ১০৮ রানেই গুটিয়ে যায় লক্ষ্ণৌয়ের ইনিংস। ফলে ১৮ রানে জয় তুলে নেয় ফাফ ডু প্লেসির দল।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মূলত হেরেছে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে। দলটির টপ অর্ডার একেবারেই ব্যর্থ। এর সঙ্গে যোগ হয় অধিনায়ক লোকেশ রাহুলের ইনজুরি। ফলে ওপেনিং নয়, তাকে নামতে হয় ১১ নম্বর ব্যাটার হিসেবে। কিন্তু ততক্ষণে অনেকে দেরি হয়ে গেছে।

লক্ষ্ণৌয়ের আসল সর্বনাশ করেছেন করণ শর্মা ও জশ হ্যাজেলউড। দু’জনে ২টি করে উইকেট নিলেও রানের চাকা আটকে দিতে বড় ভূমিকা রেখেছেন। বাকি বোলাররাও ছিলেন দারুণ ছন্দে। ইনিংসের দ্বিতীয় বলেই লক্ষ্ণৌয়ের ওপেনার কাইল মায়ার্সকে (০) বিদায় করেন মোহাম্মদ সিরাজ। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লক্ষ্ণৌ।
লক্ষ্ণৌয়ের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন কৃষ্ণাপ্পা গৌতম। আর শেষ ওভারের পঞ্চম বলে দশম ব্যাটার হিসেবে বিদায় নেওয়ার আগে অমিত মিশ্র খেলেন ৩০ বলে ১৯ রানের ইনিংস। যা পরিস্থিতি বিবেচনায় একেবারেই বেমানান। কিন্তু লোয়ার অর্ডারে নামা ব্যাটার হিসেবে অস্বাভাবিক নয়। আফগান পেসার নাভিন-উল-হক যতক্ষণ ক্রিজে ছিলেন চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু পারেননি। আর শেষ ব্যাটার হিসেবে রাহুল নেমেও ৩ বলের মোকাবিলায় কোনো রান করতে পারেননি।

বল হাতে বেঙ্গালোরের করণ শর্মা ও জশ হ্যাজেলউড ২টি করে এবং সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং হার্শাল প্যাটেল নিয়েছেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাঙ্গালোরও ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল। নাভিন-উল-হক (৩০/৩), রবি বিষ্ণুই (২১/২) এবং অমিত মিশ্র (২১/২) মিলে নাজেহাল করে ছাড়েন ব্যাঙ্গালোরের ব্যাটারদের।

এই জয়ে পাঁচে উঠে এলো ব্যাঙ্গালোর। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। আর লক্ষ্ণৌ নেমে গেল তিনে। সমান ম্যাচে তাদেরও সংগ্রহ ১০ পয়েন্ট; কিন্তু নেট রান রেটে তারা ব্যাঙ্গালোর এবং চারে থাকা চেন্নাই সুপার কিংসের চেয়ে এগিয়ে। দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসও সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে। আর গুজরাট টাইটান্স ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights