সাঁকো থেকে পড়ে খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ইউনুস আহমেদ সুজন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন চটকির সাঁকো এলাকার কামাল হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুজন সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে লক্ষ্মীপুর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে যোগ দেয়।

ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে আধা ঘণ্টারও বেশি সময় অভিযান চালানোর পর খালে থাকা বাঁশের ঝোপের ভেতর থেকে সুজনের মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রায় আট ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights