সাঁতার শেখাতে গিয়ে পুকুরেই শেষ হলো বাবা-মেয়ের জীবন

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের জুড়ীতে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন বাবা ও তার মেয়ে। মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে নেমে ডুবে মৃত্যু হয় দুজনেরই।

সোমবার বিকালে জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা ও ইটভাটা ব্যবসায়ী বাবুল আহমদ (৬০) এবং তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)। হালিমা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামে এসেছিলেন বাবুল আহমদের স্ত্রী ও চার সন্তান। ঢাকায় বসবাসকারী পরিবারটির সন্তানরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। বাবুল আহমদের মালিকানাধীন ‘বাব ব্রিকস’ নামের একটি ইটভাটা রয়েছে মানিকসিংহ এলাকায়।

সোমবার বিকালে দ্বিতীয় মেয়ে হালিমাকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে যান বাবুল আহমদ। মেয়েকে সাঁতার শেখাতে প্লাস্টিকের টিউবের সাহায্য নেন তিনি। কিন্তু এক পর্যায়ে টিউব হাত থেকে ফসকে গেলে হালিমা পানিতে তলিয়ে যেতে থাকে। মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বাবুল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়—দুজনেই পানির নিচে হারিয়ে যান।

প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বিকালেই বাবুল আহমদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। স্বজন ও প্রতিবেশীরা ভিড় করে বিলাপ করছেন। বাবা-মেয়ের মরদেহ আলাদা দুটি কক্ষে রাখা হয়। পরিবারের সদস্যরা বাকরুদ্ধ।

নিহতের এক আত্মীয় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ মিয়া জানান, সোমবার রাত ১০টায় হামিদপুর গ্রামে জানাজা শেষে বাবা-মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, বাবা-মেয়ের মৃত্যুর খবর শুনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে হামিদপুর গ্রামে যান এবং স্বজনদের সান্ত্বনা জানান।

জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights