সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা মাহাদী বহিষ্কার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাদিউর রহমান মাহাদীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দিয়েছেন।
জানা যায়, মাহাদী বর্তমানে কারাগারে রয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তার ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
