সাংবাদিক জাকারিয়া কাজলের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।

জাকারিয়া কাজল স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজ শনিবার বেলা একটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

রাজধানীর বাসাবোর বাসিন্দা সরকারি কর্মকর্তা আবদুল কাইউম ভূঁইয়া এবং কবি ও কথাসাহিত্যিক মেহেরুন নাহার চৌধুরীর আট সন্তানের মধ্যে সবার বড় ছিলেন জাকারিয়া কাজল। তিনি আশির দশকে দৈনিক ইনকিলাব-এ যোগ দেওয়ার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি যমুনা টেলিভিশনে হেড অব নিউজ হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য জাকারিয়া কাজল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights