সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অনুদান দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আবেদন শেষ ২০ জুলাই

প্রেস বিজ্ঞপ্তি
সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ‘কালচারাল প্রোটেকশন ফান্ড (সিপিএফ) ২০২৬’-এর আবেদন গ্রহণ শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল। এই তহবিলের আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড বা প্রায় সাড়ে ৭ কোটি টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবে।

আগ্রহীদের আগামী ২০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর কালচারাল প্রোটেকশন ফান্ডের ১০ বছর পূর্ণ হয়েছে। বাংলাদেশে এই তহবিলটির সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশে সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহশালা আধুনিকীকরণ এবং জাদুঘরে স্থানীয় ইতিহাসকে তুলে ধরার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রকল্পের আওতায় জাদুঘরের সব কর্মীকে সংগ্রহে থাকা নিদর্শনের যথাযথ ব্যবস্থাপনা এবং মৌখিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যা নিদর্শন সংরক্ষণে স্থানীয় বিশেষজ্ঞদের সক্ষমতা বাড়িয়েছে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘কালচারাল প্রোটেকশন ফান্ডের সহায়তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারদের নেওয়া যৌথ উদ্যোগ যে সাফল্য বয়ে এনেছে, তাতে আমরা খুবই আনন্দিত। নতুন এই অর্থায়নের মাধ্যমে ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

আবেদন জমা দেওয়ার আগে ২০২৬ সালের আবেদন সংক্রান্ত নির্দেশিকা এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি (এফএকিউ) কালচারাল প্রোটেকশন ফান্ডের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং আবেদনপত্রের লিংক কালচারাল প্রোটেকশন ফান্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights