সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে নির্দেশ

অনলাইন ডেস্ক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী। সংগৃহীত ছবি

সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে পুলিশ সদরদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত এ আদেশ দেয়। এর আগে গত বৃহস্পতিবার আদালতে আবেদনটি করে দুদক।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করতে দুদক আদালতে পিটিশন দিয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন। এখন এটি পুলিশ সদরদপ্তরে যাবে। সেখান থেকে পুলিশ ইন্টারপোল বরাবর রেড নোটিশ জারির আবেদন করবে।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন টাস্কফোর্স। এর আগে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া গিয়েছিল।

রবিবার ভোরে দুদকের এক অভিযানে সাইফুজ্জামানের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করা হয়। এসব রেকর্ডপত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সাইফুজ্জামান চৌধুরী। চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়। ইতোমধ্যে সাইফুজ্জামান ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একই সঙ্গে তাদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে আদালত।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। ৪ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর ‘ভুয়া তথ্য’ দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২১ কোটি টাকা ঋণ নিয়ে ‘আত্মসাতের’ অভিযোগেও দুজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দেশে-বিদেশে সাইফুজ্জামানের নামে–বেনামে থাকা অবৈধ সম্পদের এখনো অনুসন্ধান করছে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights