সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে কোয়ালিফায়ারে গল মার্ভেলস

অনলাইন ডেস্ক

লঙ্কা টি-টেনের এলিমিনেটর ম্যাচে ৬ উইকেটের বড় জয় পেল গল মার্ভেলস। ক্যান্ডি বোল্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। মাত্র ৮ বলে ২৯ রান করেন তিনি। তিনটি ছক্কা ও দুটি চারের ইনিংসে তার স্ট্রাইকরেট ৩৬২.৫। তার এই ইনিংসে ভর করে কোয়ালিফায়ার-২ অর্থাৎ ভার্চুয়াল সেমিফাইনালে উঠেছে গল মার্ভেলস।

বুধবার (১৮ ডিসেম্বর) পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১২০ রান সংগ্রহ করে ক্যান্ডি বোল্ট। জবাবে খেলতে নেমে ৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গল।

জেতার জন্য গল মার্ভেলসের শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৩৯ রান। তখন উইকেটে আসেন সাকিব। প্রথম বলে নেন সিঙ্গেল। সেই ওভারে আরও এক উইকেট হারায় গল। আসে ৬ রান। নিজের খেলা দ্বিতীয় বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সাকিব। পরের বলে দৌড়ে নেন দুই রান। নিজের খেলা পঞ্চম বলে কাউ কর্নার দিয়ে মারলেন ছক্কা। এখানেই শেষ নয়, ওভারের শেষ বলেও আরও এক ছক্কায় দলকে জয়ের কাছে নিয়ে যান সাকিব। ১২ বলে তখন দরকার ১২ রান।

নবম ওভারে চামিন্দু বিক্রমাসিংহে ছক্কা মারার পর সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন সাকিবকে। পরপর দুই বলে দুই চার মেরে দলকে জিতিয়ে মাথা উচু করে মাঠ ছাড়েন এই টাইগার ক্রিকেটার।

এর আগে ক্যান্ডির হয়ে ২৭ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৬১ রান করেন দলটির স্কটিশ রিক্রুট জর্জ মানজি। ১৪ বলে ৩০ রান করেন দীনেশ চান্দিমাল। এ ছাড়া নয় বলে ১৫ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights