সাতক্ষীরায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান হৃদয় (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলায় বুধহাটা বাজারে গাজী ট্রেডার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান হৃদয় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের প্রতিবন্ধী জামাল উদ্দিনের একমাত্র সন্তান। তিনি সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে একটি মোবাইলের যন্ত্রাংশ বিক্রির দোকানের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মেহেদী হাসান হৃদয় মোটরসাইকেলে সাতক্ষীরা শহরে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, নিহত মেহেদী হাসান হৃদয়ের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights