সাতক্ষীরার তালায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
অনলাইন ডেস্ক
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখা।
রবিবার আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এবং বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহে অন্তত এক দিন জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
বসুন্ধরা শুভসংঘের সার্বিক নির্দেশনায় এবং তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত ও সাধারণ সম্পাদক কাজী ইরিনের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুমন ইসলাম, সুরভী সাদিয়া লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহিনী আক্তার প্রীতি, নারী বিষয়ক সম্পাদক পপি খাতুন, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব্বর বিশ্বাস, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ তামিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার নাফিজ হৃদয়, কার্যকরী সদস্য মেহেরীন জুঁই, রত্না খাতুন এবং কাজিন ফাতেমা পাখিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা, পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ। সবাই নিজ নিজ অবস্থান থেকে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।
