সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাবে অবস্থান আজ, যানজটের শঙ্কা

অনলাইন ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানের পরও প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করবে সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করা হবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়-এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।

এরপর সন্ধ্যায় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি এবং ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও হালনাগাদকৃত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর খসড়ার ওপর অধ্যাদেশ জারির দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করা হবে। পাশাপাশি সাতটি ক্যাম্পাসে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মঞ্চ থেকে দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও অন্যান্য সুধীজনকে আকৃষ্ট করবে। পাশাপাশি দেশবাসীকে দাবির যৌক্তিকতা বোঝাবে-কেন এখনই অধ্যাদেশ প্রয়োজন।

ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসে পালাক্রমে ভ্রমণ করবে। আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ এবং সাত ক্যাম্পাসে স্থাপিত অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এসে জমায়েত হবে।

আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ গেজেটে প্রকাশিত হলে সায়েন্সল্যাবের গণজমায়েত থেকে রাষ্ট্র ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বৃহৎ বিজয় মিছিল আয়োজন করা হবে। অন্যথায় ওই গণজমায়েত থেকেই যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা করবে শিক্ষার্থীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সাত কলেজের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা ও শিক্ষার্থীদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, অধ্যাদেশের খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের আসন্ন সভায় উপস্থাপনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে এটি আইন মন্ত্রণালয়ে যাবে লেজিসলেটিভ ভেটিংয়ের জন্য। বাকি কাজগুলো আগামী বুধবারের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights