সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এই এলাকার সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সবসময় সজাগ থাকব। আমরা চেষ্টা করব হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এসময় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত এবং দায়িত্বশীলদের কাজ করার নির্দেশ দেন।

রবিবার সকাল ৮টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতাল আগের চেয়ে অনেক পরিষ্কার দেখেছি। আমরা আশা করছি হাসপাতালকে আরো উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে এবং এর সাইট নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে আমাদের হাসপাতাল আরো উন্নত হবে।

এছাড়া পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights