সাফারি পার্কে ফিরেছে নিহারকলি ও সম্রাট বাহাদুর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে ফের ফিরে এলো ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’। এর আগে সাফারি পার্ক থেকে লালনপালনকারীদের জিম্মায় দেওয়া হয় হাতি দুটিকে। কিন্তু মাত্র ১২ দিন পর জটিলতা সৃষ্টি হলে ফের হাতি জোড়াকে সাফারি পার্কে ফিরিয়ে আনার নির্দেশ আসে। লালনপালনকারীরা শর্ত ভঙ্গ করায় হাতি দুটির নিরাপত্তা আর স্বাস্থ্যের কথা বিবেচনা করে ফিরিয়ে আনা হয়েছে সাফারি পার্কে। হাতি দুটি উদ্ধারের নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তাঁর নির্দেশে কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটিকে উদ্ধার করে সাফারি পার্কে নিয়ে আসেন। গতকাল দুপুরে খোলা ট্রাকে করে গাজীপুর সাফারি পার্কে আনা হয় সম্রাট বাহাদুর আর নিহারকলিকে। পরে হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সাফারি পার্কের ডা. হাতেম সাজ্জাত ও মো. জুলকার নাইন হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর তাদের আলাদা বেষ্টনীতে রাখা হবে। পার্ক কর্তৃপক্ষ জানায়, হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী। সেই নির্দেশনার ভিত্তিতেই সোমবার অভিযান চালিয়ে হাতি ‘নিহারকলি’কে মৌলভীবাজারের কমলগঞ্জ এবং ‘সম্রাট বাহাদুর’কে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
