সাবেক উপমন্ত্রী জয় ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্ত্রী সোনিয়া আরিফ সোমা, ছেলে খান জিনিদিন ইয়াজিদ জিদান ও মেয়ে উম্মে সাওদা খানসহ চারজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত।

এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান সাবেক উপমন্ত্রী জয়, স্ত্রী ও ছেলে-মেয়ের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আরিফ খান জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights