সাবেক এমপি জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম।

এর আগে বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মোস্তফা জালাল মহিউদ্দিন এই মামলার আসামি।

মোস্তফা জালাল মহিউদ্দিন নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৯৮১-১৯৮৩ পর্যন্ত সভাপতি ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন। ২০২২ সাল থেকে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights