সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতার হওয়ায় শ্রীমঙ্গলে মিষ্টি বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর ডাকবাংলা পুকুর পাড়ের বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মিছিল শেষে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলকাছ মিয়া, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, রুহেল মিয়া, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন। বিগত নির্বাচনগুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

তারা আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights