সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের মামলায় গ্রেফতার দেখাতে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এ মামলায় অন্য আসামিরা হলেন এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী।

গত বছরের ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

এসকে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন। কয়েকজন আসামির জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) সব ধরনের ব্যাংক হিসাব তলব করে দুদক।
একইসঙ্গে তার স্ত্রী সুপর্ণা রায় চৌধুরী ও মেয়ে নন্দীতা সুর চৌধুরীর হিসাবের তথ্য চেয়ে সংস্থাটি গত ৭ সেপ্টেম্বরের মধ্যে তা পাঠাতে সময় বেঁধে দেয়।

ব্যাংকগুলোর উদ্দেশে চিঠিতে বলা হয়, সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা রায় চৌধুরী ও মেয়ে নন্দীতা সুর চৌধুরীর নামে আপনাদের ব্যাংকের কোনো শাখায় কোনো ধরনের ব্যাংক হিসাব, ঋণ হিসাব, এফডিআর বা সঞ্চয়পত্র থাকলে তা জানাতে বলা হচ্ছে। একইসঙ্গে হিসাব খোলার ফরম, দাখিলের রেকর্ডপত্র, কেওয়াইসি, নমিনি, টিপি, সিগনেচার কার্ড ও হিসাব বিবরণীসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পাঠাতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights