সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুর প্রতিনিধি
সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি শ ম রেজাউল করিমসহ ২০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুরের নাজিরপুর থানায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়।
বুধবার রাতে উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন-নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসসহ ৪০ জনকে নামীয় এবং আরও ১৬০ জনকে অজ্ঞাত করে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। আসামিদের মধ্য নুরে আলম শাহীন ও এসএম নজরুল ইসলাম সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের আপন ভাই।
মামলা সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গত ২০২২ সালের ৯ আগস্ট বিকালে একটি সমাবেশের আয়োজন করে দলটি। সেই কর্মসূচিতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ বোমা বিস্ফোরণের অভিযোগ করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ জানান, বিএনপি নেতা আবু হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
