সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
অনলাইন ডেস্ক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান লতিফ ভূঁইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূঁইয়া কামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারীকে হত্যার অভিযোগে আনা মামলায় শুক্রবার তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আদালত নির্দেশ দেন।
এর আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বাড্ডা থানাধীন আফতাব নগর ভূঁইয়া বাড়ির মোড়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনকারী ৫০০/৭০০ জন ছাত্রজনতা উত্তর বাড্ডা থানা এলাকায় আন্দোলন করা অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে শাস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আক্রমণ করে। ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের পর ভিকটিম পারভেজ বেপারী (২৩) বন্ধুদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে ঘটনাস্থল এলাকায় মিছিল নিয়ে বের হলে আসামিরা দলবদ্ধভাবে তাকে এলোপাথারি প্রহার করে এবং গুলি বর্ষণ করে। এতে ভিকটিম পারভেজ বেপারী মারাত্মকভাবে রক্তাক্ত জখম প্রাপ্ত হলে আন্দোলনকারী ছাত্র-জনতা ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা দেয়।
এ ঘটনায় ভিকটিম পারভেজ বেপারীর পিতা সবুজ বাদী হয়ে চলতি বছরের ২ জুলাই গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় লতিফ ভূঁইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূঁইয়া কামাল এজহারনামীয় আসামি।
সূত্র : বাসস
