সাভারে ছাত্র হত্যা মামলায় শ্রমিকলীগ সভাপতি শওকত গ্রেফতার

সাভার প্রতিনিধি

সাভারে ছাত্র হত্যা মামলায় শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেনকে (৫০) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শওকত হোসেন, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাভার উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেনের বড় ভাই।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সাজ্জাদ হোসেন (২৯) নিজের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য ভাড়া বাসা থেকে সাভার বাজার বাসস্ট্যান্ডে যান। ঐদিন বিকেল ৪ দিকে ফোন করে অজ্ঞাত ব্যক্তি সাজ্জাদ হোসেন (২৯) গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পরিবারকে জানায়। পরে সাজ্জাদের স্বজনরা সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে তাকে (সাজ্জাদকে) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান।
এর পরের দিন চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদের মৃত্যু হয়। এ ঘটনায় সাজ্জাদের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে ৩২১ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ অজ্ঞাত আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে শওকত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শওকতের বিরুদ্ধে সাভার মডেল থানায় আগস্ট মাসের ১৯ তারিখ একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) বাদল মিয়া বলেন, ছাত্র হত্যা মামলায় শওকতকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে ১০ দিনে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights