সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
সাভারে বাস চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় অবরোধ করে রাখে দুই শতাধিক শিক্ষার্থী। ফলে উভয় পাশে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন।

অবরোধকারী শিক্ষার্থীরা তাদের সহপাঠী প্রত্যয় কুমার সরকারকে চাপা দেওয়া ঠিকানা পরিবহনের বাসচালক ও তার সহকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, শনিবার ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাস আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় কুমার সরকারকে চাপা দেয়। বেপরোয়া বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়।

প্রত্যয় হত্যার সাথে জড়িত ঘাতক বাসচালক ও সহকারীদের বিচারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত ঘাতক বাসের চালক ও সহকারীকে শাস্তির আওতায় না আনা হলে আরও কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন, ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাস প্রত্যয় সরকারকে চাপা দেয়। এটি একটি হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে পরে অবরোধ তুলে দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজার সামনে ঠিকানা পরিবহনের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় কুমার সরকার (৩০)। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত প্রত্যয় মেহেরপুর জেলার গাংনি থানা এলাকার জনাথন সরকারের ছেলে। প্রত্যয় কুমার সরকারের বাবাও সিআরপিতে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights