সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

সাভার প্রতিনিধি
সাভারে ছিনতাইয়ে উদ্দেশ্যে ব্যবসায়ী আরশাদুজ্জামানকে (৪৪) কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ জশীম উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুরা থানার মাদারবাড়ীয়া গ্রামের ফজেল সরকারের ছেলে মো. ইমন (১৬), ভোলা জেলার সদর থানার লালমোহন গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাকিবুল হাসান রাকিব (২০) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সহিনহাটি গ্রামের রোকন উদ্দিনের ছেলে আলী হোসেন (১৯)। তারা সবাই সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলখোশাবাগ, বনপুকুর ও আশপাশের এলাকায় ভাড়া থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য হিসেবে কাজ করে।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. জশীম উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের শিকার সবজি ব্যবসায়ী আরশাদুজ্জামান গত ২৯ নভেম্বর ভোররাতে রংপুর থেকে সাভার আসলে ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা ব্যবসায়ী আরশাদুজ্জামানকে ছুরিকাঘাত করে সাথে থাকা নগদ সাতশ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ইমন নামে এক ছিনতাইকারী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। শনিবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। যারা বাকি দুজনকেও একইসাথে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের ছিনতাই এবং হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights