সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে সোমবার (১১ মে) থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ৭২০টি ট্রাকের মাধ্যমে ১০ দিনব্যাপী এ কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ মে (আজ) থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরীতে (ঢাকা জেলাসহ) প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে (চট্টগ্রাম জেলাসহ) ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা প্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights