সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

অনলাইন ডেস্ক
কয়েক দিনের টানা বর্ষণের পর মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকায় কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সেইসঙ্গে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights