সালদানদী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী সীমান্তের শূন্য লাইনে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে বিজিবি-৬০ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, রবিবার সকালে এক নারী ও তিন শিশু সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।
তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
