সালমানকে ফিরিয়ে জয়ের আরও কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

চতুর্থ দিনের শেষ বিকেলে দারুণ সাফল্য পেল বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলা সালমান আলি আগাকে ফিরিয়ে পাকিস্তানের বড় জুটিতে ভাঙন ধরান স্পিনার তাইজুল ইসলাম।

দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই সাফল্য এনে দেন এই বাঁহাতি স্পিনার। নতুন বলের দ্বিতীয় ওভারে দুর্দান্ত এক আর্ম বলে সালমানকে বোল্ড করেন তিনি। আগের ডেলিভারিটি টার্ন করায় সালমান ধারণা করেছিলেন এবারও বল ঘুরবে। কিন্তু বল টার্ন না করে ব্যাট-প্যাডের মাঝখান দিয়ে স্টাম্পে আঘাত হানে।

এর মাধ্যমে ভাঙে মোহাম্মদ রিজওয়ান ও সালমানের ২২৪ বলের ১৩৪ রানের জুটি। এই জুটি পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রেখেছিল।

আউট হওয়ার আগে ১০২ বলে এক ছক্কা ও ছয় চারে ৭১ রান করেন সালমান। সাজঘরে ফেরার পথে নিজের হতাশা লুকাতে পারেননি তিনি। মাঠের বাইরে গিয়ে ব্যাট দিয়ে বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করতে দেখা যায় তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৯৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৪১ রান, অন্যদিকে বাংলাদেশের দরকার শেষ ৪ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights