সাহাপাড়া খাল খননে সাড়ে ৩ লাখ মানুষ সেচ সুবিধা পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি:
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দিনাজপুরের সাহাপাড়া খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে ২০২৭ সালের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সেচ সুবিধার আওতায় আসবে। শনিবার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে এ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। সে কারণেই তিনি সরেজমিনে কাজের অগ্রগতি দেখতে এসেছেন। তিনি জানান, গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী প্রকল্পটির উদ্বোধন করেন। মাত্র দুই মাসের ব্যবধানে খালটির ব্যাপক পরিবর্তন এসেছে এবং স্থানীয় মানুষ ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা খাতুন।
এছাড়াও দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহম্মেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার কাহারোল-বোচাগঞ্জ (সার্কেল) এর মো. মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ বিএনপির দলীয় নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
