সিংহের খাঁচায় হিটার কাবু অন্য প্রাণীও

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সারা দেশে শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া, ঝরছে ঘন কুয়াশা। এ অবস্থায় মানুষের পাশাপাশি প্রাণিজগতেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে। রংপুর চিড়িয়াখানার শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছে পশুপাখি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, শীতে পশুপাখির বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। সিংহের খাঁচায় দেওয়া হয়েছে রুম হিটার এবং অন্য প্রাণীর খাঁচায় খড় বিছিয়ে উত্তাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, শীতে সিংহের খাঁচায় রুম হিটার দিয়ে খাঁচা গরম রাখার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু প্রাণীর উষ্ণতার জন্য খড় এবং চট ব্যবহার করা হচ্ছে। হরিণ, বানর, ঘোড়া, গাধা, বাঘ, সিংহ, উটপাখি, ইমু, চিলসহ প্রায় সব পশুপাখিই শীতে কাবু হয়ে পড়েছে। গতকাল দুপুর পর্যন্ত কোথাও সূর্যের আলো দেখা যায়নি। প্রতিটি খাঁচার ভিতরে পশুপাখি গুটিশুটি হয়ে বসে আছে। খাঁচার ভিতর শীতে কাহিল সিংহ ও বাঘ। বানরগুলো লাফালাফি না করে এক কোনায় চুপিসারে বসে রয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার ভোর ৬টায় রংপুরসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। চিড়িয়াখানার কিউরেটর ডা. ওমর ফারুক জানান, শীতে প্রাণীদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সময়ের জন্য চিকিৎসাসেবা, অসুস্থ হলে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। যেসব প্রাণী একেবারে শীত সহ্য করতে পারে না, সেগুলোর প্রতিটি খাঁচার চারদিকে চট দিয়ে ঘিরে রাখা হয়েছে। এ ছাড়াও সিংহের খাঁচায় রুম হিটার দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights