সিঙ্গাপুরের বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাসী কাবরেরা

বাংলাদেশ ফুটবলে যেন নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। মাঠে আবারও ফিরছে দর্শকদের উচ্ছ্বাস, আস্থা আর স্বপ্ন। এই নবজাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সোমিত সোমরা। তরুণ এই তারকাদের পারফরম্যান্সে ভর করেই দেশের ফুটবল নিয়ে নতুন করে আশাবাদী সমর্থকরা।

সেই প্রতীক্ষিত পথচলার বড় একটি ধাপ সামনে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে কেন্দ্র করে প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ জানালেন, জয় নিয়ে তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, ‘আগেও বলেছি, আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আগামীকাল জয়ের ব্যাপারে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী।’

কাবরেরা আরও বলেন, ‘আমার মনে হয় এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। তবে আমাদের লক্ষ্য একটাই—তিন পয়েন্ট অর্জন করা। কারণ, কেবল গ্রুপের শীর্ষ দলই মূল পর্বে জায়গা করে নিতে পারবে। ফলে প্রতিটি ম্যাচই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারত, হংকং ও সিঙ্গাপুরের মতো দলের। এখন পর্যন্ত গ্রুপের সব দলই পয়েন্ট ভাগাভাগি করায় সুযোগ এখনও সবার জন্য সমান। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া কাবরেরার শিষ্যরা।

সম্প্রতি ভুটানের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসও বাড়িয়েছে বাংলাদেশ। কোচ বলেন, ‘ভুটানের সঙ্গে একটি ভালো প্রস্তুতি ম্যাচ খেলেছি। যা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আগামীকাল আমরা বড় ম্যাচ খেলতে যাচ্ছি এবং এই চ্যালেঞ্জ নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights