সিদ্ধিরগঞ্জে নিজ বাসার সামনেই ছিনতাইয়ের শিকার মোটরসাইকেল আরোহী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসার সামনে পৌঁছেই ছিনতাইকারীর কবলে পড়ে স্মার্টফোন ও মানিব্যাগ খোয়ালেন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার রাত ২টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ি এলাকার ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সিরাজ (৩৮) পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং সেন্ট মার্টিন পরিবহনের ইনচার্জ হিসেবে কর্মরত।
মো. সিরাজ ঢাকার ফকিরাপুলে অবস্থিত অফিসে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন। বাসায় প্রবেশের ঠিক আগে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ছিনতাইকারী তার পথরোধ করে মারধর করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাছুম বিল্লাহ বলেন, ৯৯৯-এর মাধ্যমে ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
