সিরাজগঞ্জে একই লাইনে মৈত্রী-ধূমকেতু এক্সপ্রেস, তদন্তে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে একই লাইনে বিপরীতমুখী দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ৪ সদস্যের ওই কমিটিকে আগামীকাল সোমবারের (৬ মে) মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে। অন্য ৩ সদস্য হলেন- সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা। তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটে। ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে একই লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন উঠে পড়ে। যদিও ধূমকেতু এক্সপ্রেসের চালকের বিচক্ষণতায় বড় কোনো দুর্ঘটনা থেকে দুটি ট্রেনের অন্তত হাজার খানেক যাত্রী রক্ষা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত চেক-আপের জন্য দাঁড়ায়। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি একই স্টেশনের দিকে ধীরগতিতে আসছিল। এ সময় চালক লক্ষ্য করেন লাইনে অপরদিকে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন চালক। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights